RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

স্ট্যান স্ট্যান’ নামে মাঠে নেমে পন্থের ছক্কার বৃষ্টি!

ক্রাইস্টচার্চ: আন্তর্জাতিক ক্রিকেটের তারকা তিনি। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। অথচ দ্বিতীয় টেস্টের আগে অবসর কাটানোর জন্য বেছে নিলেন একেবারে অন্য রাস্তা। বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে স্থানীয় ক্রিকেটারের আমন্ত্রণে মাঠে নেমে পড়লেন ঋষভ পন্থ। শুধু তাই নয়, ছদ্মনামে খেলতে নেমে ব্যাট হাতে ঝড়ও তুললেন ভারতীয় উইকেটকিপার।
বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে স্থানীয় লিগের ম্যাচে ওপেন হাউস সুইঙ্গারস দলের হয়ে খেলেন পন্থ। প্রতিপক্ষ ছিল দ্য চোসেন ওয়ানস। স্কোরকার্ডে নিজের নাম লিখিয়েছিলেন ‘Stan Stan’। ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। একাধিক ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন, ওয়েলিংটনের শতরানের রেশ এখনও কাটেনি। তাঁর দল শেষ পর্যন্ত ১৬ রানে ম্যাচ জেতে।
কীভাবে এই অদ্ভুত ঘটনার সূত্রপাত? স্থানীয় ক্রিকেটার মহম্মদ সাফি ক্রাইস্টচার্চের রাস্তায় ইলেকট্রিক বাইক চালিয়ে ঘুরতে থাকা পন্থকে দেখতে পান। ছবি তোলার পর কথাবার্তার ফাঁকেই তাঁকে নিজেদের দলের হয়ে খেলার আমন্ত্রণ জানান। পন্থও না করেননি। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এমনকী নিজের ব্যাটও সঙ্গে ছিল না। স্থানীয় এক ক্রিকেটারের আত্মীয়ের ব্যাট ধার নিয়ে মাঠে নামেন।
ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলও খবর শুনে অবাক। তাঁর প্রতিক্রিয়া, খবরটি দেখে তিনি প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন! নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও পন্থের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
ওয়েলিংটনে ১৫৩ বলে ১২৮ রানের পর ক্রাইস্টচার্চে ২১ বলে ৫৪। আন্তর্জাতিক ক্রিকেটের চাপের মাঝেও পন্থের ক্রিকেটের প্রতি ভালোবাসা যে কতটা সহজাত, এই ঘটনাই তার প্রমাণ। এখন তাঁর নজর অবশ্য হ্যাগলি ওভালে। স্থানীয় মাঠের ঝড় আন্তর্জাতিক মঞ্চেও বজায় রাখতে পারবেন কি না, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top