সুমন আদক, হাওড়া: চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়ার পাশাপাশি সাইবার জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থও প্রাপকদের হাতে ফিরিয়ে দিল হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। বুধবার সকালে গোলাবাড়ি থানায় উদ্ধার হওয়া ৫১টি দামি মোবাইল ফোন এবং ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় উদ্ধার করা অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল গোলাবাড়ি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে একাধিক মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগ পাওয়ার মাত্র এক দিনের মধ্যেই চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, সাইবার প্রতারণার শিকার হওয়া একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করেও ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বুধবার থানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে তাঁদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোন তুলে দেওয়ার পাশাপাশি সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া উদ্ধারকৃত অর্থের চেকও তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অম্লান কুসুম ঘোষ, এসিপি নর্থ-১ সম্বিতি চক্রবর্তী, গোলাবাড়ি থানার আইসি নির্মল রায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন উদ্ধার হওয়া অর্থের মধ্যে সর্বাধিক টাকা ফেরত পান হাওড়ার সালকিয়ার এক বাসিন্দা। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি মোবাইল হারানো ও সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত চালিয়ে হারানো সম্পদ ও অর্থ উদ্ধার করে ফেরত দেওয়ার এই উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। গোলাবাড়ি থানার এই উদ্যোগে পুলিশের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারাও।

