RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

১ মাস ধরে সিরাজকে পুরোপুরি ছেঁটে ফেলার ছক চলছে, অশ্বিন বলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ পড়াটা স্রেফ ট্রেলর

নিজস্ব সংবাদদাতাঃ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন রবিচন্দ্রন অশ্বিন । প্রথম দিনে জসপ্রীত বুমরাহর দাপটে কিউয়িদের ৭০ রানে ৫ উইকেট ফেলে দিয়েও ম্যাচের রাশ আলগা করেছে ভারত। হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের দুরন্ত প্রত্যাবর্তনের পরই টিম ম্যানেজমেন্টের দল বাছাই নিয়ে তীব্র প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় স্পিনার। তাঁর আশঙ্কা, টেস্ট দল থেকে বাদ পড়া স্রেফ শুরু—২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের দলেও জায়গা হবে না সিরাজের ।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিনের নিশানায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ  চক্রে ৪৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার সিরাজ। তবু বেসিন রিজার্ভে বুমরার সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে অংশুল কম্বোজ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণকে।
অশ্বিনের প্রশ্ন, ‘কেন এক সপ্তাহ ধরে সিরাজকে বাদ দেওয়ার আবহ তৈরি করা হল? এক সপ্তাহ নয়, এক মাস ধরে এটা চলছে। প্রথমে ওয়ান ডে-তে খেলানো হল না। সামনে ওয়ান ডে বিশ্বকাপ, আর আপনাদের সিরাজকে দরকার নেই? বলে দিন—সব শেষ! ওকে কীভাবে দরকার নেই? ২০২৩ বিশ্বকাপে ও কতটা শক্তিশালী ছিল। অবাক হবেন না, এটা স্রেফ ট্রেলার, ওটাও ঘটবে। এটাই ট্রেলার।’
প্রথম একাদশে সিরাজের জায়গা ‘স্বয়ংক্রিয়’ হওয়া উচিত ছিল বলে মনে করেন অশ্বিন । তাঁর সাফ কথা, ‘আগে মহম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরাহর নাম লিখুন, তারপর অন্য দুই পেসার খুঁজুন। প্রতিযোগিতা কোথায়? আমি বুঝতে পারছি না।’
এদিকে বিতর্কের আবহে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পক্ষেই সওয়াল করেছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তাঁর দাবি, শুধু প্রথম দিনের কথা ভেবে নয়, পাঁচ দিনের ম্যাচের কথা মাথায় রেখে একাদশ গড়া হয়েছে। কোটাকের যুক্তি, ‘সিরাজের কোনও সমস্যা নেই। দল বাছার সময় এটাই সেরা একাদশ মনে হয়েছিল। সিরাজকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত বলে মনে করি না। সবে প্রথম দিন। আমরা শুধু প্রথম দিনের জন্য দল গড়ি না, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের কথাও ভাবি।’
পাশাপাশি, একমাত্র স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর ব্যাখ্যাও দিয়েছেন কোটাক। জানিয়েছেন, নিউজিল্যান্ডের টপ অর্ডারে চারজন বাঁ-হাতি ব্যাটার থাকায় সুন্দরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই ম্যাচের জন্য এটাই ভারতের সেরা বোলিং আক্রমণ বলে দাবি সিতাংশুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top