সপ্তর্ষি সিংহ
রাজ্যে সরকারের পালা বদলের পর থেকে রাজনৈতিক সমীকরণ বদল হয়েছে। ২০২৬ সালে ৪ মে ফল প্রকাশের পর জুন মাসে তৃণমূলের ২০ জন সাংসদ দলবদল করে নতুন দল এনসিপিআই-তে যোগ দান করেছেন। সম্প্রতি বিভিন্ন জেলা থেকে কর্মীরা যোগদান করছেন। যা ঘিরে শাসক-বিরোধী দুই পক্ষের মধ্যে তরজা শুরু হয়েছে।
তবে এনসিপিআই নেতাদের দাবি, স্থানীয় উন্নয়ন এবং এনডিএ জোটের উন্নয়নের শরিক হতেই বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও কর্মীরা দলে যোগ দিচ্ছেন। দলের জাতীয় মুখপাত্র অনুরাগ সিংয়ের মতে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগাযোগ করে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন, যা আগের সরকারের সময়ে কাজ করতে না পারার প্রতিফলন।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, মিনাখাঁ, বসিরহাট এবং উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, ইসলামপুর ও চোপড়ার পাশাপাশি মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের একাংশে সংগঠন শক্তিশালী করার কাজ চলছে বলে দাবি করছে এনসিপি। দলের পক্ষ থেকে বক্তব্য, আগামী দিনে আরও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তাদের নিয়ন্ত্রণে আসবে এবং তারা এনডিএ-র শরিক হিসেবে নির্বাচনে লড়বে।
যদিও, তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে এনসিপি-তে যোগ দিতে মানুষকে জোর করা বা চাপ দেওয়া হচ্ছে।
পাল্টা দলের জাতীয় সভাপতি জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠন শক্তিশালী করার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যের ৫টি পঞ্চায়েত সমিতি এবং ১৮টি গ্রাম পঞ্চায়েতে তাদের প্রতিনিধিত্ব রয়েছে। পাশাপাশি তৃণমূল ছেড়ে আরও ১৯ জন পঞ্চায়েত সমিতির সদস্য এনসিপিআই-তে যোগদান করেছেন।
বসিরহাট এবং সন্দেশখালি এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু কর্মী ও পঞ্চায়েত সদস্য এনসিপিআই-তে যোগ দিয়েছেন। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, এর ফলে বসিরহাট মহকুমার একাধিক পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এখন এনসিপিআই-এর দখলে চলে এসেছে। উত্তর দিনাজপুরের চোপড়া পঞ্চায়েত সমিতির ১৯ জন তৃণমূল সদস্য দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। পাশাপাশি ইসলামপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকেও কর্মীদের যোগদানের খবর পাওয়া গেছে।
মুর্শিদাবাদ জেলাতেও এনসিপিআই তাদের সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে এবং বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ২২ জনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এই প্রসঙ্গে সিপিএম নেতৃত্বের কটাক্ষ, রাজ্যে তৃণমূলের বিকল্প হিসেবে এবং বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতেই এনসিপিআই-কে শক্তিশালী করা হচ্ছে।
এই বিষয়ে বিজেপির দাবি, এনসিপিআই-এর সঙ্গে ভবিষ্যতে কোনো নির্বাচনী সমঝোতা বা জোট হবে কি না, সে বিষয়ে বিজেপি নেতৃত্ব সতর্ক অবস্থান নিয়েছে। রাজ্য নেতাদের একাংশ স্পষ্ট করেছেন যে, তারা দলে ‘বেনোজল’ ঢুকতে দিতে চান না এবং আসন্ন পুরসভা নির্বাচনগুলোতে তারা একাই লড়ার প্রস্তুতি নিচ্ছেন।


