সুমন আদক, হাওড়া: নারী সুরক্ষা ও ক্ষমতায়নের কথা শুধু স্লোগানে সীমাবদ্ধ রাখলে চলবে না, বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা বন্ধ করতে বাস্তব পদক্ষেপ নিতে হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে জেলাস্তরের সচেতনতা কর্মসূচিতে এমনই বার্তা দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়স্ক ও বলপূর্বক বিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ‘চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত’ অভিযানের অংশ হিসেবে এবং আন্তর্জাতিক বাল্য, অপ্রাপ্তবয়স্ক ও বলপূর্বক বিবাহ দূরীকরণ দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাওড়া জেলা প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার, শিক্ষা, সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উমেশ রাই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশজুড়ে বাল্যবিবাহ রোধে সচেতনতা কর্মসূচি চলছে। হাওড়াতেও ছাত্রীদের নিয়ে র্যালি আয়োজন করা হয়েছে। তাঁদের আত্মনির্ভর হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এদিন অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর প্রশাসনিক সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরে আসা উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুরের দুই তরুণী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের সম্মানিত করা হয়। মন্ত্রী এই উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তাঁর দাবি, গত কয়েক দশকে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের ঘটনা বেড়েছে। অল্প বয়সে গর্ভধারণের কারণে মেয়েদের শারীরিক সমস্যা বাড়ছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও হচ্ছে। গ্রামীণ, দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই সমস্যা বেশি বলে মন্তব্য করেন তিনি। সচেতনতা তৈরির উদ্যোগে কোথাও কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। তাঁর কথায়, বাল্যবিবাহ বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এদিন অপরাধ দমন প্রসঙ্গেও সরব হন উমেশ রাই। বারোটি ঘটনা ঘটলে বারোটি এনকাউন্টারের প্রয়োজন হলে তা করা হবে বলে মন্তব্য করেন তিনি। যদিও অপরাধ করলেই এনকাউন্টার করা উচিত, এমন মত তাঁর নয় বলে স্পষ্ট করেন। কোনও অপরাধী পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি অনুযায়ী যা করণীয়, তাই করবে বলে জানান তিনি। আসানসোলের ঘটনার উল্লেখ করে তাঁর বক্তব্য, সমাজকে সঠিক পথে আনতে কঠোর পদক্ষেপের প্রয়োজন হলে সরকার পিছপা হবে না। মেয়েদের উপর অত্যাচার, নেশার কারবার এবং বেআইনি অস্ত্রের ব্যবসার বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথাও জানান তিনি। এদিনের কর্মসূচিতে হাওড়ার জেলাশাসক ডঃ পি দীপাপ্রিয়া, নারী ও শিশুকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়াঙ্কা বালা, জেলা সমাজকল্যাণ আধিকারিক তীর্থঙ্কর গুহ রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অমিতাভ কোনার, হাওড়া সিটি পুলিশের এসিপি নর্থ-১ সম্বিতি চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


