RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

রাস্তার নাম পরিবর্তনের পরিকল্পনায় বৈঠকে পুরসভা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতার বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুরসভায় বিশেষ কমিটি গঠিত হয়। যে কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। এবার কলকাতার লেনিন সরণির নাম পরিবর্তনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করল পুরসভা। শুক্রবার কলকাতা পুরসভায় রিনেমিং ও নামকরণ কমিটির বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ, বিজেপি নেতা তথাগত রায় সহ পুরসভার আধিকারিকরা। সেখানে কলকাতা পুরসভার বিভিন্ন এলাকা, মেট্রো স্টেশনের নামকরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। মূলত নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ গামী মেট্রো স্টেশন গুলিতে যে মনীষীদের নামে রয়েছে সেগুলি জায়গার নামে পুনরায় করা হবে বলে মত।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথাগত রায় জানান, লেনিন সরণির নাম পরিবর্তনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অদূর ভবিষ্যতে এই রাস্তার নাম পরিবর্তন হবে। এর জন্য যেন কেউ দুঃখ না পায়। এছাড়াও স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে সম্রাট শশাঙ্ক সরণি করার বিষয়টি অনেকটাই এগিয়েছে। এছাড়াও বিশ্ববাংলা সরণি, হো চি মিন সরণি, সত্যজিত রায় সরণি, রহিম ওস্তাগর রোডের নাম পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। ইতিমধ্যেই ১৬-১৭টি নাম নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, ৪টি বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হলে প্রস্তাবটি বিধানসভায় পাঠানো হবে। রাজ্য সরকার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা কার্যকর হবে। তথাগত রায় আরও জানান, মেট্রো স্টেশনগুলির নাম নিয়েও সাধারণ মানুষের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে মেট্রো স্টেশনগুলোর নাম মণীষিদের নামে রয়েছে, সেই স্টেশনগুলোর নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জায়গার নামেই রাখা হবে।
এই প্রসঙ্গে তথাগতবাবু আরও জানান, সেই নামগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে মেট্রো রেলকে জানানো হবে। এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। তাঁর সঙ্গে আমার আলোচনা ফলপ্রসু হয়েছে। কার্তিক মহারাজ বলেন, ‘আগামী ৯ ডিসেম্বর আমরা এই বিষয়ে ফের বৈঠকে বসব। তার আগে যেসব রাস্তার নাম পরিবর্তনের ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে, তা ভালভাবে খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকরা। বেশ কিছু তথ্য আমাদের লাগবে, যা বর্তমানে আমাদের হাতের কাছে নেই। ৯ ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি, সংশ্লিষ্ট তথ্যগুলো আমাদের হাতের কাছে চলে আসবে, তখন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top