RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

সম্পর্কের ফাটলে বাড়ছে খুন, কাউন্সেলিংয়ের পরামর্শ মনোবিদদের

সপ্তর্ষি সিংহঃ সম্প্রতি কলকাতার গড়িয়ায় প্রেমিকার হাতে খুন হওয়া প্রেমিক কিংবা দক্ষিণ কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকায় প্রেমিকের আক্রোশে খুন হয় কুকুর ছানা। দুই ঘটনায় লিভ-ইন সম্পর্কে জড়িয়ে থাকা তরুণ-তরুণীদের মধ্যে খুন ও চরম হিংসা সামনে এসেছে। শুধু এই দুই ঘতনা নয়, দেশের বিভিন্ন দিকে প্রত্যহ দাম্পত্য কলহে খুনের ঘটনা সামনে আসছে। এই বিষয়ে মনোবিদ ও অপরাধবিজ্ঞানীদের মতে, সম্পর্কের জেরে খুন বা সঙ্গীকে হত্যার প্রবণতা বাড়ার পিছনে অতিরিক্ত নিয়ন্ত্রণকামী মানসিকতা, প্রত্যাখ্যান মেনে নিতে না পারা এবং আবেগ নিয়ন্ত্রণের অভাব প্রধান কারণ হিসেবে কাজ করে।

মনস্তাত্ত্বিকদের মতে, একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মানসিক স্থিতিশীলতা এবং সীমারেখা বোঝা জরুরি। সম্পর্কে সন্দেহ, ক্রমাগত নজরদারি বা কথায় কথায় গায়ে হাত তোলার মতো লক্ষণ দেখা দিলে তা এড়িয়ে না গিয়ে শুরুতেই সতর্ক হওয়া এবং প্রয়োজনে পেশাদার কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়া উচিত বলে মত।

এই বিষয়ে মনোবিদ ডাঃ তুতুল রায় জানান, লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের মধ্যে দ্বন্দ্ব, আক্রোশ ও আগ্রাসী আচরণের প্রবণতা নিয়ে যে ঘটনা সামনে আসছে, তার পিছনে থাকা মানবিক ও মনস্তাত্ত্বিক দিকগুলি বোঝা জরুরি। একজন মনোবিদ হিসেবে তাঁর মনে হয়, এর অন্যতম কারণ হতে পারে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সংঘাত। একসঙ্গে থাকতে শুরু করলে ভালোবাসা ও আকর্ষণের পাশাপাশি, ব্যক্তিত্বের পার্থক্য, দৈনন্দিন অভ্যাস, ব্যক্তিগত স্বাধীনতা, পারস্পরিক দায়িত্ববোধ এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতার বিষয়গুলিও সামনে আসে।

অনেক সময় একজন সঙ্গী যে পরিমাণ প্রতিশ্রুতি ও নিরাপত্তা

আশা করেন, অন্যজন হয়তো সেই মাত্রার দায়বদ্ধতা নিতে প্রস্তুত থাকেন না। এই প্রত্যাশার অমিল থেকে নিরাপত্তাহীনতা, অধিকারবোধ, অভিমান এবং হতাশা তৈরি হতে পারে। কারও মধ্যে পরিত্যক্ত হওয়ার ভয় বা আবেগের নিরাপত্তাহীনতা থাকলে সঙ্গীর সামান্য দূরত্বও প্রত্যাখ্যান বলে মনে হতে পারে। আবার আবেগ নিয়ন্ত্রণের দক্ষতার অভাব থাকলে সেই কষ্ট, হতাশা ও অনিশ্চয়তা রাগ, আক্রোশ কিংবা আগ্রাসন-এর মাধ্যমে প্রকাশ পেতে পারে। সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিতি বা বিশ্বাসের সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাঁর মতে, তবে এই সমস্যাকে শুধুমাত্র লিভ-ইন সম্পর্কের বৈশিষ্ট্য হিসেবে দেখা মনস্তাত্ত্বিকভাবে যথাযথ নয়। বিবাহিত সম্পর্কেও একই ধরনের দ্বন্দ্ব, অধিকারবোধ, নিরাপত্তাহীনতা এবং আগ্রাসী আচরণ দেখা যায়। কারণ সম্পর্কের কাঠামো যাই হোক না কেন, মানুষের জুক্ত থাকার ধরন, আবেগ নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব এবং ক্ষমতা প্রয়োগের প্রবণতা সম্পর্কের গতিপ্রকৃতিকে প্রভাবিত করে।

তিনি বলেন, ‘আমার মতে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—ভালোবাসা কিন্তু কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা এক নয়। কাউকে ভালোবাসার অর্থ তার উপর অধিকার প্রতিষ্ঠা করা নয়। বরং তার ব্যক্তিস্বাধীনতা, মতামত, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করতে শেখা। প্রত্যাখ্যান মেনে নিতে না পারা, বিচ্ছেদের সম্ভাবনাকে অপমান হিসেবে দেখা কিংবা সঙ্গীর স্বাধীন সিদ্ধান্তকে নিজের প্রতি অবাধ্যতা বলে মনে করা—এসবের পিছনে গভীর মনস্তাত্ত্বিক জটিলতা থাকতে পারে। কিন্তু সেই জটিলতা কখনও আগ্রাসন বা নির্যাতনের অজুহাত হতে পারে না। আমার কাছে একটি সুস্থ সম্পর্কের সংজ্ঞা শুধুমাত্র একসঙ্গে থাকা বা সম্পর্ক টিকিয়ে রাখা নয়। বরং এমন একটি পরিসর তৈরি করা, যেখানে দুজন মানুষই ভালোবাসার পাশাপাশি নিজের স্বাতন্ত্র্য, স্বাধীনতা, আত্মসম্মান এবং মানসিক নিরাপত্তা বজায় রাখতে পারেন। কারণ ভালোবাসা কখনও ভয় তৈরি করার কথা নয়, বরং নিরাপত্তার অনুভূতি দেওয়ার কথা।‘

এই বিষয়ে মনোবিদ বিদ্যা জানিয়েছেন, যেসব সম্পর্ক অপরাধমূলক ঘটনার দিকে মোড় নেয়, সেখানে সাধারণত দেখা যায় যে সঙ্গীরা তাদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার বা সম্পর্ক মেরামতের কোনো উদ্যোগ নেন না। অথবা হয়তো একজন ব্যক্তি চেষ্টা করলেও অন্যজন এড়িয়ে চলেন কিংবা কোনো আপস করতে রাজি হন না। এর কারন পরিবারের হস্তক্ষেপ এবং পরিবারের বিশ্বাস ও সঙ্গীর প্রত্যাশার মধ্যে সংঘাত থাকলে, তা অনেক সময় জোরজবরদস্তি বা চাপ সৃষ্টির দিকে নিয়ে যায়, যার পরিণতিতে সম্পর্ক ভেঙে যেতে পারে। সমস্যা সমাধানের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, উদ্ভূত সমস্যাগুলো নিয়ে দুজনে খোলাখুলি আলোচনা করা উচিত। একে অপরের জীবনযাত্রার ব্যক্তিগত পছন্দকে সম্মান করা—যদি তা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব নাও হয়।সামাজিক কুসংস্কার বা প্রচলিত ধারণার ক্ষেত্রে কার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, সে বিষয়ে নিজেদের মধ্যে সীমানা নির্ধারণ করা প্রয়োজন। এছাড়াও প্রয়োজনে বাইরের সহায়তা বা কাউন্সেলিং নেওয়ার কোঠা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top