RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

ডাক্তার, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন, রাজনীতিতে আসতে অনীহা

সুমন আদক, হাওড়া: দেশের ভবিষ্যৎ নির্ধারণে রাজনীতির ভূমিকা অপরিসীম, অথচ রাজনৈতিক নেতৃত্বের পথে তরুণদের এগিয়ে আসার ক্ষেত্রে এখনও নানা সামাজিক বাধা রয়েছে। সাধারণ পরিবার থেকে নতুন, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব উঠে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সেই বাধা ভাঙার বার্তা দিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। সোমবার হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অডিটোরিয়ামে জেলা স্তরের ‘বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট ২০২৬-২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ‘নেশা মুক্ত ভারত ফর বিকশিত ভারত’ শীর্ষক ভাবনাকে সামনে রেখে মাই ভারত (হাওড়া), কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থার উদ্যোগে এবং কোনা অনুভূতি ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৮ থেকে ২৫ বছর বয়সি শতাধিক যুবক-যুবতী অংশ নেন। প্রত্যেককে তিন মিনিটের বক্তব্যে মাদকমুক্ত সমাজ, দেশের উন্নয়ন, গণতন্ত্র, যুব নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে উমেশ রাই বলেন, অনেক অভিভাবক তাঁদের সন্তানকে চিকিৎসক, আইনজীবী, বিজ্ঞানী কিংবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু রাজনীতিতে আসার ক্ষেত্রে সেই উৎসাহ অনেক সময় দেখা যায় না। অথচ দেশের নীতি নির্ধারণ, শিক্ষা ব্যবস্থা, সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনা কিংবা প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ—গণতন্ত্রের প্রতিটি স্তরেই নেতৃত্বের প্রয়োজন। রাজনৈতিক পরিবারের বাইরেও যোগ্য মানুষকে নেতৃত্বের আসনে পৌঁছতে হবে। শুধু নেতৃত্ব তৈরি করলেই হবে না, নাগরিকদেরও জনপ্রতিনিধিদের যোগ্যতা বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ভারতকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে প্রস্তুত করার উপর জোর দেন মন্ত্রী। তাঁর মতে, যুবসমাজকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে আগ্রহী করে তুলতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাই ভারত হাওড়ার জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য, বিজয়কৃষ্ণ গার্লস কলেজের টিচার ইন-চার্জ ড. করবী মিত্র-সহ বিশিষ্ট ব্যক্তিরা। পাঁচজন বিচারক প্রতিযোগীদের বক্তব্য, যুক্তি, উপস্থাপনা ও বিষয়বস্তুর গভীরতা বিচার করে সেরা তিনজনকে নির্বাচিত করেন। তাঁদের এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মিলবে। অন্বেষা ভট্টাচার্য জানান, এবছর বিকশিত ভারত ইউথ পার্লামেন্টের অষ্টম সংস্করণ। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে যুবসমাজকে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে জাতীয় স্তর—এই ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি সংসদ ভবনে জাতীয় স্তরের ইউথ পার্লামেন্ট এবং ১১ ও ১২ জানুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে এবং প্রথম তিন স্থানাধিকারী পাবেন মেমেন্টো ও বিশেষ স্বীকৃতি। মাদকমুক্ত সমাজের বার্তা থাকলেও এই কর্মসূচির পরিসর শুধুমাত্র মাদকবিরোধী সচেতনতা নয়, বরং গণতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব কারা গড়বে, সেই প্রশ্নেও নতুন প্রজন্মকে ভাবনার মঞ্চ করে দিল হাওড়ার এই ‘ইউথ পার্লামেন্ট’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top