RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

উষার বিদায়ে কি নারাংয়ের রাজপাট?

গৌতম ঘোষ

পি টি উষার ইনিংস শেষ! ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার বসার লড়াই থেকে সরে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অ্যাথলেটিক্স তারকা। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও নিজের নাম নথিভুক্ত করলেন না তিনি। আর তাতেই ৫ ডিসেম্বরের নির্বাচনের আগে নতুন সমীকরণ তৈরি হয়ে গেল। প্রশ্ন উঠছে, তা হলে কি আইওএ-র প্রেসিডেন্ট পদে গগন নারাংয়ের অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা?
লন্ডন অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জজয়ী নারাং ইতিমধ্যেই প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। বর্তমানে তিনি আইওএ-র সহ-সভাপতি। তাঁর সামনে অবশ্য লড়াই একেবারে সহজ নয়। প্রাক্তন আইওএ সচিব রাজীব মেহতা এবং আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সচিব বিরেন্দ্র সচদেবাও প্রেসিডেন্ট পদের দাবিদার। ফলে উষার সরে দাঁড়ানোয় নারাংয়ের রাস্তা খুললেও নির্বাচনী লড়াই এখনও শেষ হয়ে যায়নি।
তবে রাজনৈতিক ও ক্রীড়া প্রশাসনের অন্দরমহলের অঙ্কে নারাংকে এগিয়ে রাখার যথেষ্ট কারণ রয়েছে। তিনি অলিম্পিক পদকজয়ী, ক্রীড়ামহলে পরিচিত মুখ এবং আইওএ-র বর্তমান সহ-সভাপতি। তাঁর প্রার্থীপদে প্রস্তাবক হিসেবে রয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সমর্থক হিসেবে রয়েছেন আইওএ-র সিনিয়র সহ-সভাপতি অজয় প্যাটেল। এই সমর্থনও তাঁর দাবিকে শক্তিশালী করেছে।
উষার বিদায়ের পিছনে রয়েছে সাম্প্রতিক নির্বাচনী ধাক্কাও। চলতি মাসে স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট (এসওএম) নির্বাচনে তিনি হেরে যান। মহিলা ক্রীড়াবিদদের চারটি আসনের লড়াইয়ে পঞ্চম স্থানে শেষ করেন তিনি। যদিও পরে আইস হকি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনী তালিকায় তাঁর জায়গা ফিরে এসেছিল, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিলেন না।
২০২২ সালে প্রথম মহিলা হিসেবে আইওএ-র প্রেসিডেন্ট হয়েছিলেন উষা। তাঁর চার বছরের অধ্যায়ের অবসান হতে চলেছে। এখন সামনে নতুন নেতৃত্বের পরীক্ষা। ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে সম্পর্ক এবং দেশের ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা—সব কিছুর দিকেই তাকিয়ে থাকবে ক্রীড়ামহল।
নারাং কি পারবেন এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে? ১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ছবিটা আরও পরিষ্কার হবে। ৫ ডিসেম্বর ব্যালটেই মিলবে শেষ উত্তর। উষার বিদায় নিশ্চিত, কিন্তু নারাংয়ের রাজপাট এখনও নিশ্চিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top