নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ বিগত সরকারের সময় রাজ্যের ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকারা চাকরির দাবিতে লাগাতার আন্দোলনে শামিল হয়েছিলেন।তাঁদের প্রত্যাশা ছিল সরকার পরিবর্তনে যোগ্য শিক্ষকরা নিয়োগপত্র পাবেন।কিন্তু রাজ্যে সরকারের পালাবদলেও চাকরির নিয়োগ তাঁরা পাননি। ফলে ফের আগামী ৩০ নভেম্বর বিধানসভা অভিযানের ডাক দিয়েছে তাঁরা৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পূর্ব প্রতিশ্রুতির জবাব চাইতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
তাঁদের বক্তব্য, নিয়োগে ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ হওয়ায় একাদশ–দ্বাদশ ও নবম–দশমের শিক্ষক পদে সব মিলিয়ে চার হাজার ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকা দ্বিতীয় এসএলএসটি–তে চাকরি পাননি। বৃহস্পতিবার শিক্ষাকর্মীদের (গ্রুপ সি–ডি) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানেও হাজারের বেশি ‘যোগ্য’ শিক্ষাকর্মী ইন্টারভিউয়েই ডাক পাননি।
আন্দোলনকারীদের অভিযোগ, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তাঁদের আশ্বাস দিয়েছিলেন, ২০১৬ সালের বাতিল প্যানেলে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির সরাসরি প্রমাণ নেই, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগী হবেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে যোগ্যদের চাকরি ফেরানোর বিষয়টি নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি চাকরিহারাদের। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার ছ’মাস পেরিয়ে গেলেও সেই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অনশনকারী মঞ্চের প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, “২০২৫ সালের ৪ সেপ্টেম্বর বিধানসভার সামনে তাঁদের মাথায় হাত রেখে চাকরি ফেরানোর আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওএমআর-এর ভিত্তিতে যোগ্যদের প্রত্যয়িত তালিকা নিয়ে চাকরি ফেরানোর ব্যবস্থা করার কথা বলেছিলেন তিনি।” তাঁর অভিযোগ, বিজেপিকে ক্ষমতায় আনার পরেও ২০১৬ সালের প্যানেল নিয়ে মুখ্যমন্ত্রী কোনও কথা বলছেন না। তাই এবার আরও সংগঠিত ভাবে আন্দোলনে নামবেন তাঁরা।
শিক্ষাকর্মী সংগঠনের বক্তব্য, ‘যোগ্যরা কেন চাকরিহারা হবে, আমরা ৩০ নভেম্বর তার জবাব চাইব। ওই দিন বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত হবে, তার পরে এসএন ব্যানার্জি রোড, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে মিছিল যাবে বিধানসভায়।’ ‘যোগ্য’ শিক্ষক ও শিক্ষিক অধিকার মঞ্চের তরফে রাকেশ আলাম প্রশ্ন তুলেছেন নিয়োগ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে।


