RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

বেলুড় আন্ডারপাসে জল জমলেই বাড়ে দুর্ভোগ, উঁচু ওভারব্রিজে উঠতে নারাজ প্রবীণরা, এসকেলেটরের দাবি

সুমন আদক, হাওড়া: হাওড়ার বেলুড় স্টেশন সংলগ্ন আন্ডারপাসে জল জমার সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে। বর্তমানে ঘূর্ণিঝড় এর প্রভাবে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় ফের একই সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষ। আন্ডারপাসে জল জমে থাকায় বাধ্য হয়ে অনেকেই রেললাইন পারাপার করছেন। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক যাত্রীরা। তাঁদের বক্তব্য, স্টেশনে যাতায়াতের জন্য থাকা ওভারব্রিজটি অত্যন্ত উঁচু। বয়সের কারণে সিঁড়ি ভেঙে সেই ব্রিজে ওঠা-নামা তাঁদের কাছে যথেষ্ট কষ্টকর। ফলে আন্ডারপাসে জল জমলে একদিকে জল ভেঙে চলাচল, অন্যদিকে উঁচু ওভারব্রিজে ওঠার অসুবিধা—দুইয়ের মধ্যে পড়ে অনেকেই ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁদের দাবি, আন্ডারপাসে জল জমার সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি ওভারব্রিজে ওঠার জন্য চলমান সিঁড়ি বা লিফটের ব্যবস্থা করা হোক। এতে প্রবীণ নাগরিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও যাতায়াত অনেক সহজ হবে। দীর্ঘদিন ধরে আন্ডারপাসে জল জমার সমস্যা চললেও তার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দুলাল চন্দ্র দাস বলেন, “আন্ডারপাস পেরিয়ে রাস্তার ওপারে যাব। কিন্তু রাস্তা পুরো জল ভর্তি হয়ে ডুবে আছে। এখন কী করে যাব, সেটাই ভাবছি। ওপারে যাওয়ার জন্য যে ওভারব্রিজ রয়েছে, সেটাও অনেক উঁচু। এই বয়সে এত লম্বা সিঁড়ি ভেঙে ওঠা খুবই কষ্টকর। বাধ্য হয়ে ওই জল পেরিয়েই যাতায়াত করতে হয়। এই জল জমার সমস্যা আজকের নয়, ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার দাবি, আন্ডারপাসের জল জমার সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করা হোক। আর ওপারে যাওয়ার জন্য যদি চলমান সিঁড়ির ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের মতো বয়স্ক মানুষদের খুব সুবিধা হবে। এখন দাঁড়িয়ে ভাবছি, আদৌ ওপারে যেতে পারব কিনা, নাকি ফিরে যেতে হবে!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top