সুমন আদক, হাওড়া : ”স্বচ্ছ ভারত মিশনে‘র লক্ষ্যকে সামনে রেখে ‘স্বচ্ছতা পাক্ষিক কর্মসূচি‘ শুরু হয় গত ১ জুলাই এবং চলে ১৫ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গত সোমবার হাওড়ার মৌড়ীগ্রামে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন ডিভিশন। দক্ষিণ–পূর্ব রেলের মৌড়ীগ্রাম স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এদিন এক পথনাটিকার মাধ্যমে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে তুলে ধরা হয় যত্রতত্র গৃহস্থালির বর্জ্য, চায়ের ভাঁড়, প্লাস্টিক বা কলার খোসা ফেলে দেওয়ার ফলে কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং নানা ধরনের রোগের প্রকোপ বাড়ছে। সাধারণ মানুষ এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানলেও অসচেতনতার কারণে এখনও অনেকেই প্রকাশ্যে ময়লা–আবর্জনা ফেলছেন। এই প্রবণতা বদলাতে এবং পরিচ্ছন্ন, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়। পথনাটিকার মাধ্যমে দর্শকদের সামনে বাস্তবধর্মী চিত্র তুলে ধরে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যেও এই কর্মসূচি এদিন যথেষ্টই সাড়া ফেলে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মৌড়ীগ্রাম পাইপলাইন ডিভিশনের চিফ অপারেশনস ম্যানেজার অয়ন রায় জানান, গত ১ জুলাই থেকে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ‘স্বচ্ছতা–পাক্ষিক’ কর্মসূচি পালন করা হয়েছে যা চলে ১৫ জুলাই পর্যন্ত। তারই অংশ হিসেবে সোমবার মৌড়ীগ্রাম স্টেশনে ওই পথনাটিকার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, মানুষের অসচেতনতার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি মশা ও অন্যান্য পতঙ্গবাহিত রোগের প্রকোপ বাড়ছে। পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেই বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। সবাই যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন তাহলে আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।


